সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘নতুন প্রজন্মকে পাঠারগারমুখী করতে আমাদের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করব। পাঠাগারের অবকাঠামো উন্নয়ন, বই সংগ্রহ বৃদ্ধি ও ডিজিটালাইজেশন আমাদের অগ্রাধিকার।’
রোববার সকালে যশোর শিল্পকলা একাডেমি, ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও টাউনহল ক্লাব পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘যশোর সংস্কৃতির আঁতুড়ঘর। আমি এই অঞ্চলের মানুষ ও জনপদকে ভালোবাসি। প্রধানমন্ত্রী নিজেও যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেছিলেন। তার নির্দেশনায় আমার এই সফর।’
যশোরের জেলা প্রশাসক ও যশোর ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ইনস্টিটিউটের দাবিগুলো অফিশিয়ালি মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাদের বড় সুখবর দিয়েছেন। আমরা যশোরকে সুন্দর, সুস্থ সংস্কৃতির বলয় হিসেবে গড়ে তুলতে পারব।’
পরিদর্শনকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ স্থানীয় সাংস্কৃতিক নেতারা অবহেলিত শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম সংস্কার, নিয়মিত প্রশিক্ষণ ও পাঠাগারে আধুনিক রিডিং জোন স্থাপনের দাবি জানান। মন্ত্রী দাবিগুলো যাচাই করে যশোরকে মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক ও সহসভাপতি সানোয়ার আলম খান দুলুসহ স্থানীয় শিল্পী-সাহিত্যিকরা।


