মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় করা ছয়টি মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা ৩২ কেজি গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খানের উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকের মধ্যে পাঁচটি মামলার ২০ কেজি শুকনো গাঁজা এবং একটি মামলায় জব্দ করা ৩ কেজি ওজনের চারটি গাঁজার গাছ ছিল। আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশনা মেনে মালখানায় সংরক্ষিত এই মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান জানান, আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বিচারিক প্রক্রিয়া শেষে আদেশ অনুযায়ী মালখানায় জমা থাকা মাদকদ্রব্যগুলো আইনিভাবে ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসের সময় আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


