নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার কলমাকান্দার রংছাতী ও পোগলা ইউনিয়নে দুটি এবং পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে একটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কলমাকান্দার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী ছেলে মুয়াজ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত মুয়াজ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল।
একই দিন কলমাকান্দার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে টিটু মণ্ডলের ১৮ মাস বয়সী ছেলে তাসকিন তারেক বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে মারা যায়। পরে স্বজনেরা তার মরদেহ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে আব্দুল আলিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খাবার খেয়ে উঠানে সমবয়সীদের সঙ্গে খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে তলিয়ে যায় শিশু আলিম। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


