বিএনপি নেতা মশিউর রহমানকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জোয়ার্দারকে চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক।
পরে ধানমন্ডি এলাকার বিএনপি নেতা মশিউর রহমানকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জোয়ার্দারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
গত ২৪ মে ট্রাইব্যুনাল তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে।


