বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হনুফা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হনুফার শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় তার মেয়ে ইতি (১৯) সেদিনই চিকিৎসা শেষে ছাড়পত্র পান। হনুফার নাতি ফাহিম (১৪) এখনো চিকিৎসাধীন। তার শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত ৩ আগস্ট ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ওইদিন সকাল ৬টার দিকে দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তার মধ্যে বিস্ফোরণটি ঘটে। এ সময় আগুনে দগ্ধ হয়ে তিনজন প্রাণ বাঁচতে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।


