দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা জারির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়।
সভায় প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে সভায় জানানো হয়।
এ সময় ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে ইউজিসি, হিট প্রকল্প ও বিডিরেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মামুন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. সাইদুর রহমান, মাছুমা হাবিব, মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর সিইও মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


