রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ঘাতককে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম-মো. হৃদয় ওরফে শিপন (৩০)।
রোববার সকালে কলাবাগান থানাধীন আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভিকটিমের সঙ্গে ঘাতক শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার সকালে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে পুনরায় ঝগড়ায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে ভিকটিমের গলা কেটে হত্যা করে। এ সময় ভিকটিমের মা তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে ঘাতক শিপন তাকেও একই চাকু দিয়ে গলা ও কাঁধে উপর্যুপরি আঘাত করে হত্যা করে।
কলাবাগান থানা সূত্রে আরও জানা যায়, হত্যাকাণ্ডের সময় ভিকটিমের ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করে আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে ঘাতক তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রোববার বিকালে ঘটিকায় কলাবাগান থানা পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে। এ বিষয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।


