চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার আগুন ১০টা পরও নিয়ন্ত্রণ আসেনি। এখন ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘এখানে দাহ্য পদার্থ থাকতে পারে, ৮০০-১০০০ ডিগ্রি সেলসিয়াসে পুড়লে ভবনটি ধসে পড়ার সম্ভাবনা আছে।’
গত ১০ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের মোট ২৩টি ইউনিট।
বেপজা সূত্র জানিয়েছে, আগুন লাগার পরপরই সব শ্রমিক ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাত্র দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার আগেই এটি ভয়াবহ রূপ নেয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের কারখানা ও এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সাততলা ভবনটি সম্পূর্ণভাবে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। আর ভেতর থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ।
ঘটনাস্থলে উপস্থিত সকলের ধারণা, ভবনের এসি ইউনিটগুলো বিস্ফোরিত হচ্ছে।


