মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির গাড়ির ধাক্কায় আমির হামজা নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে সরকারিভাবে বরাদ্দ দেওয়া রুটি-কলা ও ডিম নিয়ে একটি গাড়ি পেছন দিক দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করার সময় আমির হামজা পেছনে এসে চাকার নিচে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


