ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধলপুরে শনিবার বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ডিএসসিসি প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে এবং সংস্থাটির মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রামও চলমান রয়েছে।
জনস্বার্থে পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় যে কোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে। ধলপুরের এ অভিযানে প্রায় ২০০ পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন।
অভিযানের সময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণ করা হয়, মশার ওষুধ ছিটানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রশাসক ‘ঢাকা দক্ষিণ সিটি কররেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেনা নতুন যানবাহন হস্তান্তর করেন।
হস্তান্তর করা যানবাহনের মধ্যে রয়েছে ৮ টন ক্ষমতাসম্পন্ন পাঁচটি থ্রি-হুইল রোড রোলার, তিনটি টায়ার ডোজার, একটি লো-বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতার ১০টি পানির গাড়ি।
তিনি আশা প্রকাশ করেন, এসব যানবাহন বায়ুদূষণ রোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
একই দিন ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করেন প্রশাসক।
এ বিষয়ে তিনি বলেন, চালকেরা দক্ষ হলে ছোটখাটো যান্ত্রিক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনাও প্রতিরোধ করা যাবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


