কক্সবাজারে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে সাগরে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে সাগরে পড়ে পর্যটকের মৃত্যু
নিহত অক্ষর সৌভিক রায় ও প্যারাসেইলিং। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অক্ষর সৌভিক রায় (৩১)। তিনি খুলনা মহানগরের স্যার ইকবাল রোডের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে আসা ৯ সদস্যের একটি পর্যটক দল কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস হোটেলে অবস্থান করছিল। শনিবার দুপুরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় সাগরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সঙ্গে আসা বন্ধু কিংবা সংশ্লিষ্ট প্যারাসেইলিং কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

স্থানীয় সূত্র জানায়, দরিয়ানগরে ফরিদ আহমদ নামে এক ব্যক্তির পরিচালনায় প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, সেখানে নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয় না এবং পরিচালনায় অদক্ষ ও অনভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, গত দুই বছরে এই প্যারাসেইলিং কার্যক্রমে অন্তত ১০ জন পর্যটক বিভিন্নভাবে আহত হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে একাধিক দুর্ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসন সাময়িকভাবে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে প্রায় এক মাস পর তা আবার চালু করা হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসেও একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিংয়ে এক পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক তদারকি এবং লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad