হাসপাতালে অসুস্থ নানিকে দেখে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন সাবেক এক ইউপি সদস্য। নাতির মৃত্যুর পরদিন চিকিৎসাধীন নানিও মারা যান।
নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার ঘুঘরাইল গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (৪৫) এবং তার নানি খালিয়া গ্রামের মৃত রজব আলীর স্ত্রী জবেদা বেগম (৯৫)। জবেদা বেগম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনের মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন নানিকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউনুস আলী। পথিমধ্যে মনিরামপুর পৌর শহরের গোহাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানি জবেদা বেগমও মারা যান।
মঙ্গলবার বাদ জোহর নানি জবেদা বেগম এবং বাদ আসর নাতি ইউনুস আলীর জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।


