যশোরে ডিবি পুলিশের অভিযানে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নূরুজ্জামান।
আটককৃতরা হলেন, অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মো. জুয়েল গাজী (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


