বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল একই উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. সাবেরের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে বাঁশ কাটার জন্য মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন সাইফুল। শূন্যলাইন থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাত জাহান ইতু টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল নামে এক বাংলাদেশি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি উপজাতি ও বাঙালি নাগরিকরা জীবিকার প্রয়োজনে নিয়মিত বাঁশ কাটার জন্য মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করে থাকেন। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ আগস্ট পর্যন্ত ৩৯টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।


