বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার আহ্বায়ক শাকিল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিল আহমেদকে এই বহিষ্কারাদেশ ও আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে শাকিল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুনির্দিষ্ট কোনো বিবরণ উল্লেখ করা হয়নি।
শাকিল আহমেদের বিরুদ্ধে এর আগেও নিজ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত, হলের সিট দখল ও রাজনীতি-নিষিদ্ধ ক্যাম্পাসে কর্মসূচি আয়োজনের অভিযোগ উঠেছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের যোগসাজশে নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে।
গত বছরের ২২ ফেব্রুয়ারি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘ দেড় বছর পর সংগঠনের শীর্ষ এই নেতার বহিষ্কারের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এল।


