কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আলাদা দুই অভিযানে একটি বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে এক রোহিঙ্গা তরুণীকে।
গ্রেপ্তার তরুণী সামসুন নাহার (১৮) টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই অভিযান চালায়।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কবরস্থান পাহাড়ের (জাকিরের ডেইল পাহাড়) পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। খবর পেয়ে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি করছে র্যাব।
একইদিন পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র ও তাজা গুলিসহ গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


