ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সংগঠনটি শুধু হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণও দাবি করেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
ঘটনার পরপরই ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথ বিবৃতি দেন।
তারা হামলার নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন একজন সম্ভাব্য প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসে।
এমন হামলা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থেকেও অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তারা অভিযোগ করেন যে ‘আলু-মাংসের অনুপাত’ নিয়ে মন্তব্য করার সময় দেশের একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হচ্ছেন, যা দায়িত্ব পালনে ঘাটতির পরিচয় দেয়।
এ কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়ন হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং দেশের সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ওসমান হাদি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামেই পরিচিত।
এদিকে এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
অন্যদিকে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


