নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-যশোর মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


