এখন থেকে অনলাইনে জামিনাদেশ প্রকাশ হবে বলে কারাগার থেকে সহজেই মিলবে বন্দীমুক্তি। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামিনের পর হয়রানি নিরসনে বুধবার থেকে জামিননামা অনলাইনে দেওয়া হবেও বলে জানান আইন উপদেষ্টা।
তিনি বলেন, ‘কারাগারে থাকা বন্দিদের জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময় দুর্ভোগে পড়তে হয়। এখন থেকে জামিনের এক ক্লিকেই বেইল বন্ড আদেশ কারাগারে চলে যাবে, যা আগে ১২ ধাপে কারাগারে যেত। এখন অনলাইনে বেইল বন্ড পৌঁছাবে।’
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, “হিউম্যান রাইটস আইন” আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।’
‘আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারো কোনো সহযোগিতা ছাড়া,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক।


