নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর একটি পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে এক্সকাভেটর মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন কমলা বেগম (৩২) ও তার ৯ বছর বয়সী ছেলে মো. নোমান। কমলা বেগম একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত কমলার দুই সৎ ছেলে রাজু ও সাগর এবং নাতি টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিআইডি সূত্র জানিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা ও তার শিশুপুত্র নোমানকে শ্বাসরোধে হত্যা করা হয়। তখন শুষ্ক মৌসুম থাকায় মরদেহ দুটি গুম করতে বিবস্ত্র অবস্থায় বাড়ির পাশের পুকুরে মাটিচাপা দিয়ে রাখা হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন ওই পুকুরে খনন চালিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির পরিদর্শক মো. রাইছুল ইসলাম এই কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রথমে আদালতে একটি মামলা হয়েছিল, যার পর সেটি সোনাইমুড়ী থানায় একটি মামলা করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


