সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার রাত আটটায় ফিশিং বোটটি ১২ জন জেলেসহ মাছ আহরণকালে দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বোটের একজন জেলে মালিককে কল দিয়ে বিষয়টি জানান।
এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তাৎক্ষণিকভাবে একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয় এবং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


