বড় ধরনের দুর্যোগের সময় যোগাযোগব্যবস্থা সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন মহড়া সম্পন্ন হয়েছে।
তিনি দিনব্যাপী সারা দেশে এ অনুশীলন মঙ্গলবার শেষ হয়। এতে দেশের আট বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপনের অনুশীলন করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, বড় দুর্যোগের সময় মূল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সদস্যরা কীভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে বিকল্প যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন করবেন ও অপারেশনাল কার্যক্রম সচল রাখবেন, মূলত সেটিই এই অনুশীলনের উদ্দেশ্য।
রোববার সকাল ১০টায় অনুশীলনের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও এআরএবি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নির্দেশনায় এ অনুশীলনের আয়োজন করা হয়। দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও এআরএবি-এর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।
অনুশীলনের দ্বিতীয় দিন ২৪ আগস্ট ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার সকালে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকাল সাড়ে ৩টায় মহড়া শেষ হয়।


