অমর একুশে বইমেলা শেষ হওয়ার আর একদিন বাকি। রোববার রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে শেষ সময়ে এসেও এবার মেলার চিরায়ত রূপের দেখা মিলছে না। নেই কাঙ্ক্ষিত বেচাকেনা।
তারওপর শুক্রবার সন্ধ্যার হঠাৎ বৃষ্টিতে যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা স্টল মালিক ও প্রকাশকদের। বড় প্রকাশকদের স্টল বৃষ্টিতে তেমন ক্ষতিগ্রস্ত না হলেও ছোট স্টলগুলোর বেশিরভাগ বই বৃষ্টিতে ভিজে গেছে। ঝড়ো বাতাসের কবলে অনেক স্টলের সাইনবোর্ড, বই সাজানোর শেলফও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পলিথিন ও ত্রিপলের ওপর ভিজে যাওয়া বই রোদে শুকাতে দিয়েছেন স্টল কর্মীরা। কিছু স্টলে চলছে মেরামতের কাজ।
এদিকে শনিবারই এবারের বইমেলার শেষ শিশুপ্রহর। সকাল ১১টা থেকে শিশু প্রহর চলে দুপুর ১টা পর্যন্ত। অন্য বছরগুলোতে মেলার সারা মাসের ছুটির দিনগুলোতে বাবা মায়ের হাত ধরে মেলা ঘুরতে আসে হাজারও শিশু। পছন্দের বই কিনে, পাপেট শো দেখে হাসি-খেলায় মাতিয়ে রাখে মেলা প্রাঙ্গন।
তবে এবারের মেলার শিশুপ্রহরের চিত্র বেশ আলাদা। তৃতীয় ও চতুর্থ শিশুপ্রহর কিছুটা জমে উঠলেও শেষটিতে শিশুদের কলকাকলি প্রায় নেই বললেই চলে। কাজেই শিশুপ্রহর ঘিরে স্টল মালিকদের ব্যস্ততাও বেশ কম।
জান্নাতুল ফেরদাউসের ক্যামেরায় বৃষ্টিভেজা মেলার ছবি পাঠকদের জন্য তুলে ধরা হলো:















