টাঙ্গাইলে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে ভূঞাপুরে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) এক লাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) ও বরগুনা সদরের রিয়াজুল (২২)
প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাত ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


