ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কারখানা পরিদর্শন শেষে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শ্রমমন্ত্রী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করে জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।’
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


