রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১২টার দিকে মহাখালী আমতলীর ‘হোটেল জাহাদ’-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হোটেলের পঞ্চম তলার ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ পাওয়া যায়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে বনানী থানা পুলিশ।


