ন্যায়পাল নিয়োগ ও প্রতিষ্ঠানটি কার্যকর না করার ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতা, নিষ্ক্রিয়তা ও অবহেলা কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।
এর আগে, সংবিধানের ৭৭ অনুচ্ছেদ ও ন্যায়পাল অ্যাক্ট ১৯৮০ কার্যকর না করে দীর্ঘদিন ধরে ন্যায়পাল নিয়োগে রাষ্ট্রের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
রিটে বলা হয়, সংবিধানে ন্যায়পাল নিয়োগের বাধ্যবাধকতা এবং ১৯৮০ সালে প্রণীত পৃথক আইন থাকা সত্ত্বেও স্বাধীনতার পাঁচ দশক পরও দেশে ন্যায়পাল প্রতিষ্ঠা, নিয়োগ ও কার্যক্রম চালু না করা সংবিধানের ম্যান্ডেট, সুশাসন ও নাগরিকের প্রতিকার পাওয়ার অধিকারের পরিপন্থী।


