রূপক হত্যা: আ.লীগ নেতা নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রূপক হত্যা: আ.লীগ নেতা নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনকে ঘিরে রাজধানীর তেজগাঁও থানায় করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেয়।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার জুলাই রাজধানীর ভাটারা এলাকা থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিএমপির গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া আসামির স্থায়ী ঠিকানা ভিন্ন জেলায় হওয়ায় তার পরিচয়-ঠিকানা যাচাই-বাছাই এখনও সম্পন্ন হয়নি। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ, পলাতক সহযোগী ও নির্দেশদাতাদের পরিচয় এবং অবস্থান নির্ণয়, পাশাপাশি ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণেই সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়।

আরও পড়ুন

তবে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর না করে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।

ওইদিন কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলিতে তার ডান চোখে আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পরে তার বন্ধু ও আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রূপকের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২২৩ জনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad