রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। মঙ্গলবার রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে সাদমান সাকিব (২৭) নামের এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেপ্তারকৃতরা তার পথরোধ করে। পরে তাকে ধারালো চাকুর ভয় দেখিয়ে বাটা শোরুমের পেছনের গলিতে নিয়ে আটকে রাখা হয়।
অপহরণকারীরা যুবকের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে মারধর করে গুরুতর জখমের হুমকি দেয়।
এ সময় ওই এলাকায় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের বাকি আট সদস্যকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড ও শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারীদের জিম্মি ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদাবর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


