নির্বাচন কমিশনের জন্য ফেব্রুয়ারির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার সকালে বান্দরবান কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যমান নির্বাচন পরিস্থিতি এবং প্রশাসনের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য এদিন সরকারি সফরে বান্দরবান আসেন নির্বাচন কমিশনার। সফরকালে তিনি জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
মো. সানাউল্লাহ বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সবার কাছে গ্রহনযোগ্য করে তোলার প্রশ্নে এবারের নির্বাচন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
বিগত বিতর্কিত নির্বাচনসমূহের কারণে নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে উল্লেখ করে তিনি জানান, সবাই আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনের হারানো সম্মান ফিরিয়ে আনা সম্ভব।
নির্বাচন কমিশনার জানান, ভৌগোলিক এবং বিদ্যমান পরিস্থিতির কারণে পার্বত্য অঞ্চলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে আশ্বাস দেন তিনি।


