নাটোর সদর উপজেলায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি জানিয়ে ওসি বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও তরুণীর পরিচয় জানতে তদন্ত চলছে।


