৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার চিকিৎসক সংকট মোকাবিলায় ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগিরই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসসহ চারটি নিয়মিত বিসিএসের কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ আয়োজন করে। মাত্র পাঁচ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে, যা বিসিএসের ইতিহাসে দ্রুততম নিয়োগপ্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রথমে ৩ হাজার পদের অনুমোদন থাকলেও পরবর্তীতে আরও ৫০০ পদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের ৪ হাজার ৮৩৭টি ও সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া চলমান বিসিএসগুলোর মাধ্যমে আরও ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন।
এতে আরও বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকরা এবং চলমান অন্যান্য বিসিএসের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা যোগদান করলে স্বাস্থ্য ক্যাডারে কোনো শূন্য পদ অবশিষ্ট থাকবে না। ফলে মাঠপর্যায়ে আরও চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিতে হবে।
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশ নিয়েছিলেন। এর মধ্যে যারা নির্বাচিত হননি, তারা এখনো চাকরির অপেক্ষায় আছেন। সাম্প্রতিক সময়ে আরও প্রায় ৫ হাজার নতুন চিকিৎসক যোগ হওয়ায় মোট অপেক্ষমাণ চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অপেক্ষমাণ ও নতুন উত্তীর্ণ চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা এবং ন্যায্যতার স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে নতুন করে পদ বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে।
এর আগে, ২৩ অক্টোবর রিপিট ক্যাডার সমস্যার সমাধান এবং ৪৮তম বিসিএস থেকে ৩ হাজার ৫০০ জনের অধিক প্রার্থী নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন উত্তীর্ণ প্রার্থীরা।


