বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনের কাছে পরিত্যক্ত একটি মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সতনাইং তঞ্চঙ্গা মিয়ানমারের নাগরিক। তার পিতা কিংহ্লা তঞ্চঙ্গা। পরিবারটি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী পশ্চিমপাড়া এলাকায় বসবাস করছিল।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের কাছাকাছি একটি পাহাড়ি জুমে কাজ করার সময় সতনাইং মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টার শেল খুঁজে পায়।সেটি নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে শেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও জানা যায়, ঘটনাটি সীমান্ত পিলার-৩৯ এর নিকটবর্তী শূন্য লাইনের কিছুটা মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে বাইশফাঁড়ী গ্রামে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এস খায়রুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের শূন্য লাইনে কাউকে না যেতে বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।’
সীমান্ত এলাকায় পরিত্যক্ত বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, ‘ঘটনাটি সীমান্তবর্তী শূন্য লাইনের কাছাকাছি সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’


