গাজীপুরের টঙ্গীতে শিশু খাদ্য ও পানীয় উৎপাদনকারী একটি কারখানায় অভিযানে জুসের বোতলে মানুষের মূত্র পাওয়ার কথা জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
রোববার রাত ৮টার দিকে টঙ্গীর বনমালা রোড এলাকার বঙ্গ সি-ফুড নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটিতে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় উৎপাদন করা হয়। অভিযানের একপর্যায়ে কর্মকর্তারা ‘ম্যাংগো ফ্রুট ড্রিংক’ উৎপাদন ফ্লোরে গিয়ে একটি মেশিনের নিচে কোনো মোড়ক বা চিহ্ন ছাড়া একটি বোতল পড়ে থাকতে দেখেন।
অভিযান পরিচালনাকারীরা জানান, প্রথমে বোতলটিতে কোনো কেমিক্যাল বা উৎপাদনসংশ্লিষ্ট তরল থাকতে পারে বলে ধারণা করা হলেও পরে সেটিতে মূত্র থাকার বিষয়টি নিশ্চিত হয়।
শিশুদের জন্য তৈরি খাদ্য ও পানীয়ের উৎপাদনস্থলে মূত্রভর্তি বোতল পড়ে থাকার ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, বোতলটি পরিকল্পিতভাবে সেখানে রাখা হয়ে থাকতে পারে। এমনকি অভিযান পরিচালনাকারী দলের কোনো সদস্য বোতলটি সেখানে রেখে থাকতে পারেন বলেও প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অভিযোগ করেন। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযানে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার বিষয়টিও ধরা পড়ে। পাশাপাশি উৎপাদিত পণ্যে ভুল মোড়ক ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান বলেন, ‘অভিযানে খাদ্য উৎপাদনের পরিবেশসহ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম পরিদর্শন করা হয়েছে। একটি পণ্যের এক্সপোর্টের লাইসেন্স ছিলো কিন্তু তারা সেই পণ্যটি দেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করছিল। এমনকি তাদের ট্রেড লাইসেন্স দুই মাসের মেয়াদউত্তীর্ণ। এ ছাড়াও যেখানে খাদ্যপণ্যগুলো মজুদ ও বোতলজাত করা হয় সেই ফ্লোরে একটি বোতলে মূত্র পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’


