নেপালে ধেয়ে আসা আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছেন ৪০০ জনেরও বেশি। বুধবারের এই বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।
নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।
বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত যাদের নিখোঁজের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে ৬১ জন নেপালের নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিরা ২৬টি দেশের নাগরিক বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।
নেপাল পর্যটন বোর্ড ট্যুর অপারেটরদের বরাত দিয়ে জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের বেশিরভাগই ভারত ও নেপাল সীমান্তের কাছে মানসসরোবরের পথে যাচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভি জানিয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে নেমে আসা পানিতে নেপালের ভোতে কোশি নদীতে এই বন্যার সৃষ্টি হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে।
বুধবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলায় আঘাত হানে বন্যা। প্রাথমিক তথ্যে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের কারণে তুষারধসের সৃষ্টি হয় এবং গলে যাওয়া বরফের পানি ভোটে কোশি নদীতে নেমে আসায় এই বন্যা দেখা দেয়।


