শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড় খেয়ে চিকিৎসাধীন অবস্থায় বরকত আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে ভিমরুলের আক্রমণের শিকার হন বরকত। তিনি উপজেলার মধ্য মাদারপুর গ্রামের হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের বাবা।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির উঠানে ডাল কাটার জন্য গাছে উঠেন বরকত আলী। সেখানে ভিমরুলের চাক ছিল। গাছের একটি ডাল কাটার সময় চাক থেকে উড়ে গিয়ে কয়েকটি ভিমরুল তার শরীরের বিভিন্ন অংশে কামড় বসায়। এ অবস্থায় তিনি আবারও আরেকটি ডাল কাটতে গেলে চাকে থাকা প্রায় শতাধিক ভিমরুল তাকে ঘিরে ধরে এবং কামড়ে দেয়।
পরে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়।
খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, ‘খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমি খোঁজ খবর নিয়েছি। তার পরিবারের পাশে আছি।’


