সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার বিকালে রাজধানীর বনানী থানা এলাকার সৈনিক ক্লাব এলাকা থেকে সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে আসামিদের কাছ থেকে ৫১ বাংলাদেশি পাসপোর্ট, ৩টি স্মার্টফোন এবং বিভিন্ন লেনদেনের রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মো. শামীম (৪০), সুনামগঞ্জের মো. রুহুল আমিন (২৪), টাঙ্গাইলের মো. হৃদয় হাসান (২৬), গাজীপুরের আবু রায়হান (২৯) এবং ময়মনসিংহের মো. সানি মিয়া (২৫)। গ্রেপ্তারকৃত সবাই মামলার এজাহারনামীয় আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোশাল মিডিয়ায় সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনের লোভনীয় বিজ্ঞাপন দেখে চক্রটির সঙ্গে যোগাযোগ করেন এক ভুক্তভোগী। পরবর্তীতে বনানীর সৈনিক ক্লাব এলাকার অফিসে ডেকে ড্রাইভিং ভিসার নিশ্চয়তা দিয়ে তার সঙ্গে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করা হয় এবং ব্যাংক ও নগদের মাধ্যমে ২ লাখ ৬৬ হাজার টাকা আদায় করা হয়।
তবে কথা অনুযায়ী ড্রাইভিং ভিসা না দিয়ে তাকে দেওয়া হয় সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বাদী হয়ে বনানী থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
সিআইডির প্রাথমিক তদন্তে প্রকাশ পায় যে, চক্রটি একইভাবে বিদেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিয়ে জিম্মি রাখাই ছিল তাদের মূল কাজ।
বর্তমানে সিআইডির মানবপাচার শাখা এই ঘটনার বিস্তারিত তদন্ত পরিচালনা করছে এবং চক্রের দেশি-বিদেশি অন্য সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছ। একই সঙ্গে সিআইডি সাধারণ জনগণকে প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া টাকা বা পাসপোর্ট হস্তান্তর না করতে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেবল সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণার ক্ষেত্রে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


