চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সিআইডির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৭ আগস্ট রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, সালমান শাহ হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ডনের সহযোগী অপরাধীদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কার ইন্ধনে ও কীভাবে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন–এসব বিষয়ে জানতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান।


