ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত পরিচালক মাইকেল শটার বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি ‘অবৈধ অভিবাসীদের’ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন মাইকেল শটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাইকেল শটার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে অভিবাসন বিরোধী অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে।’
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সরকারের মানবপাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
‘পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকটি সিন্ডিকেটের সদস্যকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে এবং পাচারবিরোধী আইন সংশোধনের প্রক্রিয়া চলছে,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘ইউরোপে বাংলাদেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কর্মরত রয়েছে এবং বাংলাদেশ সবসময় দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকদের বৈধ পথের মাধ্যমে পাঠানোর জন্য চেষ্টা করছে।’
উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতি বাংলাদেশ সরকারের আর্জি জানিয়ে বলেন, তারা দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে চায়।
স্বাস্থ্য উপদেষ্টা শটারকে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সহযোগিতা কামনা করেন। শটার এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।
শটার আরও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের পরামর্শ দেন।


