ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব রকমের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) এএইচএম মইনুল আহসান এবং সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু বর্তমানে দু-একজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং সাধারণত এই সময়েই ডেঙ্গুর প্রকোপ বাড়ে, তাই আমরা আর কালক্ষেপণ করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার খোলার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে, যোগ করেন তিনি।

আরও পড়ুন

মন্ত্রী আরও জানান, সোসাইটি অব মেডিসিন ডেঙ্গুর চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে এবং এ কাজে ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও আমাদের সহায়তা করছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকেই এই কার্যক্রম শুরু হচ্ছে, যার আওতায় ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া রিএজেন্ট, টেস্টিং কিট এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বর্তমানে কিছু মজুত রয়েছে এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

ডেঙ্গুর মূল উৎপত্তি বা মশা নিধনে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে দুই মাস আগে থেকেই কাজ শুরু করেছি এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল আবারও সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে নিয়ে বৈঠকে বসব।

সভায় ডেঙ্গু সচেতনতা ও ট্র্যাকিংয়ের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং একই সাথে ডেঙ্গু বিষয়ক গবেষণা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad