প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতির উপস্থিতিতে তাদের শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, নতুন সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এদিকে মন্ত্রিসভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে নতুন মন্ত্রীদের সম্ভাব্য দায়িত্ব বণ্টন বা মন্ত্রণালয়ের চূড়ান্ত রদবদল সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।


