নগরীর ফুটপাত, রেলস্টেশন ও উন্মুক্ত স্থানে থাকা ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। দিনভর নির্বাচনী ও প্রশাসনিক দায়িত্ব পালন শেষে রাতে জেলা প্রশাসক নিজে এই কার্যক্রমে অংশ নেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এ কার্যক্রমে তিনি নিজে উপস্থিত থেকে ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন স্থান এবং মেহেদীবাগ এলাকায় শীতার্ত, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত ভাসমান মানুষের পাশে রাষ্ট্রের উপস্থিতির বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


