রাজবাড়ীতে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
এর আগে, রোববার সন্ধ্যায় পৌর শহরের ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মো. ইমরান সরদার (২৮), মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. ফিরোজ শেখ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইমরান সরদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সিয়াম শেখের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
আসামিদের কাছ থেকে চারটি মোবাইল, একটি বাটন ফোন, ২০ হাজার টাকা এবং কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
আসামি সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা, তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ নয়টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।


