রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে বাবাকে হত্যার পর দা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুখলেছুর রহমান (৫০)। তিনি সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। ঘাতক ছেলের নাম মাসুদ উল হাসান (২৪)। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, মাসুদ প্রায়ই নেশা করে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। এ ধরনের পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পরপরই মাসুদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘আমি আমার বাপকে খুন করেছি। আমার ফাঁসি হওয়া উচিত। আমি থানায় যাচ্ছি।’ এদিকে, থানায় গিয়ে মাসুদ বলেন, ‘মিথ্যা কথা বলে আমার ওপর বাপ-মা খুব অত্যাচার করত। আমাকে সব সময় অত্যাচার করত তারা।’
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সোমবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে বাবা মুখলেছুর রহমানকে হত্যা করেন ছেলে মাসুদ। ঘটনাটি ভিডিও রেকর্ড করে নিজের ফাঁসি দাবি করেন তিনি। পরে হত্যাকাণ্ডে ব্যবহার করা দা নিয়ে সদর থানায় আত্মসমর্পণ করেন মাসুদ।


