বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ২০২৪ সালের জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে আহ্বান জানাই, যেন গোটা দেশে সমতার ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হয়।’
তিনি জুলাই বিপ্লবকে স্মরণ করে বলেন, ‘জুলাই বিপ্লবের সহস্রাধিক ছাত্র-জনতা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। এটিকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করা আমাদের আগামী দিনের সংগ্রাম।’
তিনি বলেন, ‘বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে শিকড় গড়তে দেওয়া হবে না।’
মামুনুল হক জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রসঙ্গে বলেন, ‘যারা উচ্চকক্ষ গঠনের পক্ষে, তাদের মধ্যে বিভক্তি দেখা গেছে। আমরা চাই, জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশের রোড ম্যাপ নির্ধারণ হোক।’
তিনি বলেন, ‘যদি পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ গঠন না করা হয়, তাহলে তা শুধু “বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ” হয়ে যাবে, যা বাংলাদেশ খেলাফত মজলিস মেনে নেবে না।’
মামুনুল হক আরও বলেন, ‘২৪ জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী, ভারতের আধিপত্যবাদী বন্দোবস্তে বাংলাদেশ চলতে পারে না। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না।’
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হুসাইন, যুগ্ম মহাসচিব শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


