দক্ষিণ ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলায় নিহত শিশুদের জানাজা হয়েছে মঙ্গলবার।
ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন শিশু রয়েছে।
শনিবার এই হামলা চালানো হয়।
মঙ্গলবার মিনাবে আয়োজিত শিশুদের গণ-জানাজায় বিপুল সংখ্যক মানুষ সমাবেত হন। এমনকি যারা সরকারের পক্ষে নন তারাও এই হামলার নিন্দা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন।

ছোট ছোট কফিনগুলো যখন জানাজাস্থলে নেওয়া হচ্ছিল তখন কান্নায় ভেঙে পড়েন সর্বস্তরের মানুষ। কফিনগুলো ছিল ইরানের জাতীয় পতাকায় ঢাকা। জানাজার ভিডিও প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর এই ‘ভয়াবহ’ হামলার পেছনে থাকা বাহিনীর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।
ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দিনেই স্কুলটি আক্রান্ত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছিলেন যে, মার্কিন বাহিনী ‘জেনেশুনে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করবে না’। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে যে তারা ঘটনাটি তদন্ত করছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, এই হামলাটি যুদ্ধাপরাধের আওতায় পড়ে কি না, তা নির্ধারণ করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই।


