রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম লাকি আক্তার (১৭)।
মঙ্গলবার বিকালে মীরহাজীরবাগ পাইপ রোডের একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকালে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় ফেলে রাখা ছিল। তবে এ সময় ঘরে কাউকে পাওয়া যায়নি।
এসআই আরও জানান, স্বামী সজিবকে নিয়ে ওই বাসায় দেড় মাস ধরে ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, সোমবার দিবাগত রাতে তাদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়ার আওয়াজ পান তারা। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাসা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখতে পান, লাকি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তারা থানায় খবর দেন।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় সজিব স্ত্রী লাকিকে গলা কেটে হত্যা করে ঘরে মরদেহ রেখে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
নিহত লাকির বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম মো. হারুন। তার আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে, যোগ করেন শাহাদাত হোসেন।


