গণভোটের রায়কে আদালতে নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি কুমিল্লা সাংগঠনিক বিভাগের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে।’ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাইয়ের মতো হাইকোর্ট না রাজপথ স্লোগান দিতে চাই না। আমাদের সে পরিস্থিতিতে বাধ্য করবেন না।’
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, ‘আমরা তা মেনে নেব না।’
গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।’
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ও শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। তা না হলে সুসম্পর্কের সুযোগ নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।


