৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার দুপুর ১টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আরিচাগামী লেনে তারা অবরোধ শুরু করেন। প্রায় ২০ মিনিট পর দুপুর ১টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থীরা জানান, সাধারণত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয়। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। তাই যৌক্তিক প্রস্তুতির সময় বিবেচনায় লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান তারা।


