নরসিংদীর ‘এমপি মার্কেট’: ঘণ্টায় কোটি টাকার মাছ বিক্রি

নরসিংদীর ‘এমপি মার্কেট’: ঘণ্টায় কোটি টাকার মাছ বিক্রি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রতিদিন ভোরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় নরসিংদীর মোসলেউদ্দিন ভুইয়া পাইকারি মাছের আড়তে। স্থানীয়ভাবে ‘এমপি মার্কেট’ নামে পরিচিত এই বাজারে ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে প্রায় চার কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বাজারটি এখন দেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষি ও ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে নদীর দেশীয় মাছের পাশাপাশি চাষের রুই, কাতলা, শিং, পাবদা, ইলিশ ও সামুদ্রিক মাছের বিশাল সমাহার বসে।

রাজশাহী, চাঁদপুর ও সাতক্ষীরার মতো দূর-দূরান্তের জেলা থেকে ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে আসেন। রাজশাহীর খামারি সুরুজ মিয়া জানান, নিরাপত্তা ও দাম ভালো পাওয়ায় তিনি দুই টন রুই মাছ নিয়ে এসেছেন। চাঁদপুরের ব্যবসায়ী বাদশা মিয়া ও সাতক্ষীরার আলম মিয়াও বাজারের পরিবেশ ও দ্রুত বিক্রির সুবিধায় সন্তোষ প্রকাশ করেন।

আড়তদারদের ভাষ্যমতে, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ‘কৃপা ফিস ট্রেডার্স’-এর মালিক জুটন দাস জানান, তার একার আড়তেই দিনে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ লেনদেন হয়।

এই বাজার থেকে নরসিংদী ছাড়াও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার খুচরা বাজারের চাহিদা মেটানো হয়। দিনের প্রথম প্রহর থেকে ট্রাকবোঝাই মাছ আসতে শুরু করে এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আড়তদার সমিতির সভাপতি হরিপদ দাস বলেন, ‘নিরাপত্তা ও স্বচ্ছতার কারণে এখানে রেকর্ড লেনদেন হয়।’ তিনি জানান, তৎকালীন সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাক তার বাবার নামে এই মার্কেটটি নির্মাণ করেছিলেন। সময়ের ব্যবধানে এটি এখন সারা দেশে ‘এমপি মার্কেট’ নামেই ব্যাপক পরিচিতি পেয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad